কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কুড়িগ্রাম সীমান্তে উত্তেজনা
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্তে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বিষখাওয়া বিওপিতে বুধবার সন্ধ্যায় হঠাৎ করে লোকবল বৃদ্ধি করে ‘নো-ম্যান্স ল্যান্ডে’ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে বৃহস্পতিবার বিডিআর ও বিএসএফ - এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ কাঁটাতারের বেড়া তৈরি করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিডিআর ও বিএসএফ - কেউই সীমান্তে তাদের অবস্থান ছাড়েনি।
বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ালগুঁড়ি ও সোনাহাট বিডিআর বিওপির মধ্যবর্তী ১০০৫ নং আন্তর্জাতিক মেইন পিলারের নয়-এস সাব পিলারের উল্টো দিকে ভারতের বিষখাওয়া বিওপিতে বিএসএফের অবস্থানের খবর পেয়ে বিডিআরও বাংলাদেশের সোনাহাট এবং ভাওয়ালগুড়ি বিওপি’তে গভীর রাতে শক্তি বৃদ্ধি করে অবস্থান নেয়।
১৯৭৫ সালের সীমান্ত আইন লংঘন করে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া তৈরির উদ্যোগের প্রতিবাদে ওই রাতেই বিডিআর বিএসএফের কাছে চিঠি পাঠায়। কুড়িগ্রামে ২৭ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক ভারতের ৬৮ বিএসএফ ব্যাটেলিয়নের উপ-অধিনায়কের সঙ্গে টেলিফোনেও কথা বলেন।
এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১০০৫ আন্তর্জাতিক মেইন পিলারের পাশে বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২৫ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে ২৭ রাইফেলস ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর কাদের এবং ৬৮ বিএসএফ ব্যাটেলিয়নের ওই এলাকার কোম্পানি কমান্ডার এডি পান্ডে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার কুড়িগ্রামে ২৭ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর্জা মনোয়ার রেজা পিএসসি জানান, কোনো অবস্থাতেই বিএসএফকে নো ম্যান্স ল্যান্ডের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না।
