কসবায় হারিকেন বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকান্ডে একজন দগ্ধ, ৪০ লাখ টাকার ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গণেশপুকুর গ্রামে হারিকেন বিস্ফোরিত হয়ে আগুন লেগে এক সেনাসদস্য গুরুতর দগ্ধ হয়েছেন।
অগ্নিকান্ডে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এসময় একটি মোটর সাইকেলও পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে গণেশপুকুর গ্রামের সেনা সদস্য মিলন মিয়ার বাড়িতে জ্বলন্ত হারিকেনে কেরোসিন ভরার সময় তা বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। পুরো বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এতে মিলন মিয়া গুরুতরভাবে দগ্ধ হন। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকান্ডে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
