যশোর নরসিংদী সিরাজগঞ্জ ও কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬
যশোর, নরসিংদী, সিরাজগঞ্জ ও কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছে।
যশোরের বিডিনিউজ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর - বেনাপোল সড়কের মালঞ্চী ইটভাটা সংলগ্ন স্থানে যশোরগামী একটি বাসের (নারায়ণগঞ্জ - ব - ০২ - ০০৪৪) ধাক্কায় ভ্যানযাত্রী দুই মহিলা নিহত হন। এ ঘটনায় ভ্যানচালক জয়নাল, বাসচালকসহ ছয়জন আহত হন। নিহতরা হলেন যশোর সদরের মালঞ্চী গ্রামের নূর আলী দফাদারের স্ত্রী সুফিয়া খাতুন (৬০) ও একই এলাকার শরিফুলের স্ত্রী মর্জিনা খাতুন (২৮)।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ৩/৪টি গাড়ি ভাংচুর করে এবং রাস্তায় ব্যারিকেড দেওয়ায় যশোর - বেনাপোল সড়কের দুই পাশে বহুসংখ্যক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্বে আনার চেষ্টা করে।
নরসিংদী থেকে প্রতিনিধি জানান, ঢাকা - সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার খেজুরতলায় পৌঁছানোর পর ঢাকা থেকে মাধবপুরগামী যাত্রীবাহী একটি বাসের (চট্ট-মেট্রো - ব - ০৫ - ০০৫৯) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী দেলোয়ারা বেগম (৩৫) ও অজ্ঞাত (২৫) একজন নিহত হন। এই ঘটনায় ৩০ জন যাত্রী আহত হন। আহতদের ভৈরব হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ দমকল বাহিনীর সহায়তায় বাসটি পুকুর থেকে উদ্ধার করে।
বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ - বগুড়া সড়কের ভূইয়াগাতী এলাকায় হিলি থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এসময় চালের বস্তার নিচে চাপা পড়ে ব্যবসায়ী কবির হোসেন (৩৮) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে ১২জন। নিহত কবিরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুর গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কেরানীগঞ্জ থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কেরানীগঞ্জের মুন ব্যাপারীর ঢাল এলাকায় রাস্তা পার হওয়ার সময় নগর পরিবহনের দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ময়না (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার পূর্ব পড়–রা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।
