২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুলিশের ‘ক্রসফায়ারে’ জলদস্যু নিহত

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনার বয়ার চরে মঙ্গলবার ভোরে পুলিশের ‘ক্রসফায়ারে’ এক জলদস্যু নিহত হয়েছে। এ ঘটনায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাত পুলিশ আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 11:57 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নিহত জলদস্যুর নাম আলাউদ্দিন (৪০)।

পুলিশ দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোর ৪টার সময় বয়ার চরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জলদস্যু আলাউদ্দিন ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ‘ক্রসফায়ারে’ পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলামসহ সাতজন পুলিশ আহত হন। আহত দু’ এসআইকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দু’ রাউন্ড গুলি উদ্ধার করে।

পুলিশ আরো দাবি করে, নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে হত্যা এবং ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।