২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ৩ নং ফেরিঘাটের অচলাবস্থা এখনও কাটেনি

মাওয়া ৩ নং ফেরিঘাটটি সোমবার দুপুর পর্যন্ত সচল হয়নি। রোববার সকাল ১০টায় ঘাটের ফেরির পন্টুন সংযোগ সড়কে ২০ ফুট রাউন্ড ও এক ফুট গভীর গর্তে একটি মালবাহী ট্রাক আটকা পড়লে ফেরিঘাটে অচলাবস্থার সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 12:38 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্থানীয় সূত্র জানায়, ঘাট সংযোগ সড়ক সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ ঘাটটি রোববার সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এর ফলে ঘাটে যানবাহন আটকা পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হন।

বিআইডব্লিউটিসির ম্যানেজার নাসির মোহাম্মদ চৌধুরী বিডিনিউজকে জানান, এ ঘাটে রোববার সন্ধ্যার পর থেকে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করে। আটকা পড়া ট্রাকটি বিকেলে উদ্ধার করা হলেও ঘাটটি এখনও সচল করা সম্ভব হয়নি। তবে ঘাট মেরামতের জন্য সোমবার সকালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শীগগিরই অচলাবস্থা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি এই অচলাবস্থার জন্য সড়ক ও জনপদ বিভাগের গাফিলতিকেই দায়ী করেন। তিনি বলেন, বেশি পরিমাণ যান বহনকারী ডাম্ব ফেরিগুলো চলাচলের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে এই ৩ নং ঘাটটি। আরিচা ঘাটে ফেরি পারাপারে সমস্যা হলে মাওয়া ঘাটের ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু এ গুরুত্বপূর্ণ ফেরিঘাটের প্রধান সড়ক মাওয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা ভাঙ্গাচোরা থাকায় যান পারাপারে সমস্যা হচ্ছে। এ সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত না করা হলে মাওয়া ফেরিঘাটই বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।