২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্র শামীম হত্যাকান্ডের ৩ মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটির কাজ শুরু হয়নি

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র মেধাবী ছাত্র মোশাররফ হোসেন শামীম হত্যাকান্ডের তিনমাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটির কাজ অদ্যাবধি শুরু হয়নি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 10:00 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

অপরদিকে, ৭ আগস্ট হল এবং ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় খুললেও ছাত্র ধর্মঘটের কারণে অধিকাংশ বিভাগের ক্লাস শুরু হচ্ছে না।

তদন্ত কমিটির আহবায়ক পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিবুল আহসান বিডিনিউজকে জানান, তদন্ত বিষয়ক চিঠি তার কাছে দেরিতে পৌঁছায় কমিটি এখনও কাজ শুরু করতে পারেনি। সোমবার তদন্ত কমিটির বৈঠক বসার পর কার্যক্রম শুরু হবে বলে তিনিজানান।

গত ১২ মে রাতে শাবি থেকে দু’ কিলোমিটার দূরে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে।

পরবর্তীতে মেডিক্যাল কলেজ অভিমুখী ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর পুলিশ গুলি চালালে ছয় ছাত্র আহত হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে ভোরে শামীম মারা যান।

এ ঘটনায় ক্ষুব্ধ শাবি ছাত্রদের নজিরবিহীন আন্দোলনের মুখে উপাচার্য ড. মোসলেহ উদ্দিন আহমদ পদত্যাগ করেন। একই সাথে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ২৪ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় ১২-১৪ মে সংঘটিত ঘটনার জন্য তদন্ত কমিটি গঠিত এবং ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু তদন্ত কমিটি এখনও কাজ শুরু করেনি।