মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামী কারা বিধিমালা অনুযায়ীই কারাগারের বাইরে গেছে: মওদুদ
সরকার বলেছে, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন ‘চরম-ঝুঁকিপূর্ণ আসামী’ কারা বিধিমালা অনুসরণ করেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরে গেছে ও তাদের পরিবারের সদস্যদের সাথে সময় ব্যয় করেছে।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ রোববার বলেন, প্রত্যেক কয়েদীরই চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে এবং জটিল রোগ হলে উন্নত চিকিৎসার জন্য কারাগারের বাইরে যেতে পারে।
আলোচ্য তিন আসামীকে কারাবিধিমালা অনুসরণ করেই চেক-আপের জন্য বিশেষজ্ঞদের সাথে সাক্ষাতের অনুমতি দেওয়া হয় বলেও আইনমন্ত্রী উল্লেখ করেন।
অতিরিক্ত সুবিধা প্রদান এবং পরিবারের সদস্যদের সাথে সময় ব্যয় করার বিষয়ে প্রশ্ন করা হলে ব্যারিস্টার মওদুদ বলেন, যথাযথ কর্তৃপক্ষের গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের অনুমতি দেওয়া হয়েছিলো।
প্রসঙ্গত চরম ঝুঁকিপূর্ণ তিন আসামি লে. কর্ণেল (অবঃ) সৈয়দ ফারুক রহমান, লে. কর্ণেল (অবঃ) মহিউদ্দিন আহমেদ এবং মেজর (অবঃ) বজলুল হুদাকে চোখ, দাঁত এবং বাতের চিকিৎসার নামে বেশ কয়েক বার কারাগারের বাইরে পাঠানো হয়।
এ ছাড়াও চিকিৎসার কথা বলে গত এক বছরে ওই তিন সাবেক সেনা কর্মকর্তাকে ১৯ বার বিএসএমএমইউতে পাঠানো হয়েছে। এর মধ্যে চলতি বছরের জুন মাসেই তারা চার বার হাসপাতালে গেছেন।
