হবিগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১৩
হবিগঞ্জ ও ফরিদপুর জেলার ভাঙ্গায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।
বিডিনিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি জানান, রোববার বিকেল ৪টায় ঢাকা - সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী সোহাগ পরিবহনের একটি ভলভো বাসের (ঢাকা - মেট্রো - ব - ১১ - ৩৩২৯) সঙ্গে হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মাইক্রোবাসের (সিলেট - ছ-১১-০০২৯) মুখোমুখি সংঘর্ষ হয়। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই মাইক্রো চালক জাহাঙ্গীর (২৫), ইব্রাহিম (২৫) ও প্রদীপ দাশ (৩৫) নামে তিনজন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে। এরা পাসপোর্টের কাজে হবিগঞ্জ এসেছিলেন।
অপরদিকে একই সময়ে মহাসড়কের বেজুড়া নামক স্থানে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় জ্ঞানবালা দাশ (৫০) নামে এক পথচারী মহিলা নিহত হন।
ফরিদপুর থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, রোববার বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরের বিশ্বরোড মোড়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের নাম পল্লব কুমার বিশ্বাস (২০)। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। এ ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী আহত হন। আহতদের ভাঙ্গা থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
