২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালের মধ্যে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে: মান্নান ভূঁইয়া

রাজধানীতে রোববার অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা পার্বত্য জেলাগুলোকে দ্রুত শতভাগ স্যানিটেশন ব্যবস্থার আওতায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এজন্য তারা দ্রুত কৌশলগত প্রক্রিয়া নিশ্চিত করা এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পার্বত্য এলাকাগুলোকে স্যানিটেশনের আওতায় নিয়ে আসার বিষয়টি সেখানকার সাংস্কৃতিক ও ভূ--পরিবেশগত দিক বিবেচনা করে কম খরচে যথাযথ প্রযুক্তির উন্নয়নের ওপর নির্ভর করছে বলেও বক্তারা জানান।

‘২০১০ সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামের সবার জন্য ওয়াটসান: সমস্যা এবং করণীয়’ শীর্ষক জাতীয় কর্মশালায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, স্যানিটেশন কৌশল নির্ধারণের মাধ্যমে ২০১০ সালের আগেই পার্বত্য এলাকাসহ সারা দেশকে শতভাগ স্যানিটেশনের আওতায় নিয়ে আসা হবে।

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন এলজিআরডি সচিব জহুরুল হক। স্থানীয় সরকার বিভাগ এবং পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

পার্বত্য জেলাগুলোর মধ্যে রাঙ্গামাটির ৬৮ দশমিক ৯ শতাংশ, বান্দরবানের ৩৯ দশমিক ৫২ শতাংশ এবং খাগড়াছড়ির ৫৭ দশমিক ৪৯ শতাংশ স্যানিটেশনের আওতায় এসেছে বলে এলজিআরডি মন্ত্রী জানান।

ভূ--পরিবশেগত বাধার কারণে পার্বত্য জেলার অনুন্নত স্যানিটেশন ব্যবস্থা স্থানীয় লোকজনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।

তিনি বলেন, পরিস্থিতি উন্নয়নের জন্য স্থানীয় জনগণের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখবে।

কর্মশালায় ডিপিএইচই’র প্রধান প্রকৌশলী খোরশেদ আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মানিকলাল দেওয়ান বক্তব্য রাখেন।

বেসরকারি সংস্থা গ্রিন হিলের নির্বাহী পরিচালক মঙ থোয়াই চিঙ পার্বত্য চট্টগ্রামের জন্য ওয়াটসান প্রযুক্তিবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার প্রবন্ধে পার্বত্য এলাকার সুবিধা ও সীমাবদ্ধতা এবং এ এলাকার উপযোগী নলকূপ, রিং ওয়েল, গ্র্যাভিটি ফ্লু সিস্টেম, বৃষ্টির পানি সংগ্রহ, ইনফিলট্রেশন গ্যালারি, ইনফিলট্রেশন ওয়েল, রিং স্ল্যাব ল্যাট্রিন, পিট ল্যাট্রিন এবং অফসেট ল্যাট্রিনসহ বিভিন্ন প্রযুক্তির কথা তুলে ধরেন।