স্কাউট আন্দোলন সুস্থ সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ বলেছেন, স্কাউট আন্দোলন সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি তরুণ সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও স্কাউট আন্দালন জোরদার করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ২০০৭ সালে স্কাউটসের ১০০ বছরপূর্তি উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান।
রোববার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ স্কাউটসের একটি প্রতিনিধি দল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, স্কাউট আন্দোলন জোরদার করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের ১০ লাখ স্কাউট সংখ্যাকে ২০১৩ সাল নাগাদ দ্বিগুণ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা স্কাউটসের ১০০ বছর পূর্তি উদযাপনের জন্য গৃহিত নানা পদক্ষেপের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি তাদের বক্তব্য মনযোগ সহকারে শোনেন ও তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন স্কাউটসের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদ, প্রধান জাতীয় কমিশনার মুহম্মদ ফজলুর রহমান, স্কাউটসের সহসভাপতি মোমতাজুল ইসলাম প্রমুখ।
