সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর ভেড়িবাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম প্লাবিত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটি এলাকার খোলপেটুয়া নদীর ভেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে মোট ১৩টি গ্রাম প্লাবিত হলো।
সাতক্ষীরা, আগস্ট ১৩ (বিডিনিউজ)- শনিবার বিকেল পর্যন্ত প্রায় দেড়শ’ ফুট বাঁধ ভেঙ্গে গেছে এবং আরও একশ’ ফুট এলাকার বাঁধে নতুন করে ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ইতোমধ্যে প্লাবিত এলাকার ছয়শ’ চিংড়ীঘের পানিতে ভেসে গেছে। প্লাবিত গ্রামগুলোর প্রায় দেড়শ’ পরিবার ফসলি জমি এবং ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে বুড়িগোয়ালিনি সাইক্লোন সেন্টার ও উচুঁ ভেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছে। কয়েক শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বর্তমানে গ্রামবাসী, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জোয়ানরা, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজন, জন প্রতিনিধি ও প্রশাসনের লোকজন বিরতিহীনভাবে বাঁধ মেরামতের চেষ্টা চালিয়েও ভাঙ্গন মেরামত করতে পারছে না।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, খোলপেটুয়া নদীর স্বাভাবিক গতিপ্রবাহ গত কয়েকদিনে তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে। পাউবোর পক্ষ থেকে মাটি ভর্তি বস্তা জড়ো করা হলেও পানির প্রচণ্ড স্রোতের কারণে তা টিকছে না।
সাতক্ষীরা পাউবো - ১ এর নির্বাহী প্রকৌশলী জুলফিকার হাওলাদার বিডিনিউজকে জানান, বাঁধ রক্ষার্থে জরুরি ভিত্তিতে কিছু মাটির বস্তা ফেললেও তা রক্ষা করা যাচ্ছে না। রিং বাঁধের জন্য ২০ লাখ টাকা বরাদ্দের দাবি জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি আবেদন পত্র পাঠানো হয়েছে। তবে কবে ওই বরাদ্দ পাওয়া যাবে সে ব্যাপারে তিনি সঠিক করে কিছু বলতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী অভিযোগ করেন, দূর্গাবাটির ভাঙ্গন কবলিত স্থানটিতে যখন ফাটল দেখা দেয় তখনই পাউবোকে এ ব্যাপারে সতর্ক করা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
বিডিআর নীলডুমুরস্থ ৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আলমগীর হোসেন দেওয়ান জানান, পাউবো বোর্ডের ভেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার পর স্থানীয় গ্রামবাসীর সঙ্গে বিডিআর জোয়ানরাও কাজ করে যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াসিম জোয়াদ্দার জানান, পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণে এই এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অনুরোধ জানানোর পরও তারা কোন পদক্ষেপ নেয়নি।
পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী রোববার বিডিনিউজকে জানান, তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতের জন্য সরকারিভাবে কোনো বরাদ্দ না থাকায় আপাতত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে বাঁধ মেরামতের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
