যুদ্ধকবলিত লেবানন থেকে আরো ২৫২ জন বাংলাদেশী এখন দেশে; ১৮০ জন দেশের পথে
যুদ্ধকবলিত লেবানন থেকে সিরিয়া হয়ে আরো ২৫২ জন বাংলাদেশী শনিবার সকালে দেশে পৌছেন। এদের বেশির ভাগই নারী।
আর্ন্তজাতিক অভিবাসী সংস্থা (আইএমও) এর তথ্য অনুযায়ী, এই ২৫২ জন বাংলাদেশী ছাড়াও এখন পর্যন্ত পাঁচটি ফ্লাইটে মোট ৫৩৬ জন বাংলাদেশী নাগরিক ইতিমধ্যে ঢাকা পৌছেছে। প্রথম দলটি ২৯ জুলাই জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছায়।
আইএমও কার্যালয়ের কর্মকর্তারা জানান, আরো ১৮১ জন বাংলাদেশী ইতিমধ্যে বৃহস্পতিবার বিকেলে লেবানন ত্যাগ করেছে এবং বর্তমানে তারা সিরিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আছেন।
অভিবাসন কর্মকর্তারা জানান, ২৫২ জন বাংলাদেশী মিডল--ইস্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে ভোর পৌনে পাঁচটার দিকে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছান।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আশফাক হামিদ, আইএমওর আঞ্চলিক প্রতিনিধি শহিদুল হক এবং আইএমওর প্রকল্প সমন্বয়কারী নাহরিন ফারজানা বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
আইএমওর প্রকল্প সমন্বয়কারী নাহরিন ফারজানা বিডিনিউজকে বলেন, মিডিল--ইস্ট এয়ারওয়েজের ফ্লাইটটি বিশেষভাবে ভাড়া করা হয়েছে।
তিনি বলেন, প্রত্যাবর্তনকারীদের প্রত্যেককে ‘কাতার চ্যারিটি’ ২ হাজার টাকা করে এবং প্রবাসী কল্যান মন্ত্রণালয় পাঁচশ টাকা করে দেবে।
তিনি বলেন, লেবানন ত্যাগকারী বাংলাদেশীরা বর্তমানে সিরিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পে অবস্থান করছেন। সেখানকার স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে শরণার্থী ক্যাম্পে পরিণত হয়েছে।
আইএমওর সমন্বয়কারী বলেন, বিমানের আসন সহজলভ্য হলে বাকী বাংলাদেশীরা দেশের উদ্দেশ্যে রওনা হবেন।
চলমান যুদ্ধের কারণে হাজার হাজার আতংকিত মানুষ লেবানন ও সিরিয়া ত্যাগ করছে বলে বিমানের টিকিট সহজলভ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ২৮৪ জন বাংলাদেশী কুয়েত এয়ারওয়েজ এবং ইত্তিহাদ এয়ারওয়েজের ফ্লাইটযোগে ঢাকা পৌছায়।
আইএমও যুদ্ধকবলিত লেবানন থেকে আতংকিত বাংলাদেশীদের উদ্ধারের দায়িত্বভার গ্রহণ করেছে।
এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের অভ্যর্থনা জানাতে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে একটি বিশেষ কাউন্টার চালু করেছে।
লেবানন ও সিরিয়াতে বর্তমানে ১০ হাজারের অধিক বাংলাদেশী বসবাস করছে। কিন্তু যুদ্ধের কারণে তারা আইএমও’র সাথে যোগাযোগ করতে পারছেন না।
