অধ্যাপক ফায়েজ মোহাম্মদ সিরাজুল হক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
আগস্ট ১০ (বিডিনিউজ) - ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির মুখে বৃহস্পতিবার ইংরেজী বিভাগের অধ্যাপক ফয়েজ মোহাম্মাদ সিরাজুল হককে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফয়েজ মোহাম্মাদ সিরাজুল হককে চার বছরের জন্য নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক মাদারীপুর সদর থানার অ্যাডভোকেট মরহুম মাজহারুল আনোয়ার ও বেগম সুফিয়া আনোয়ারের ছেলে। তিনি ১৯৮৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ইবির শিক্ষক হিসেবে যোগদানের আগে তিনি লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল-ফাতাহ এবং আলজেরিয়ার আনাবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
গত ১০ জুলাই সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম পদত্যাগের পর কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল করীম ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।
