সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা
সিরাজগঞ্জ পৌর এলাকার কোপদাসপাড়া মহল্লায় বৃহস্পতিবার ভোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে স্বামী পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহত গৃহবধুর নাম রুপসানা (১৮)। তিনি শহরের পৌর এলাকার জানপুর মহল্লার রিক্সা চালক রুপচাঁন শেখের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, পাঁচ মাস আগে কোপদাসপাড়া মহল্লার মৃত রতন শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে পার্শ্ববর্তী জানপুর মহল্লার রুপচাঁন শেখের মেয়ে রুপসানার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার দাবিতে জাহাঙ্গীর রুপসানাকে নির্যাতন করতো।
বুধবার গভীর রাতে জাহাঙ্গীর যৌতুকের দাবিতে কথা কাটাকাটির এক পর্যায়ে রুপসানাকে পিটিয়ে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের পর থেকে জাহাঙ্গীরের পরিবারের সবাই পলাতক রয়েছে।
