কুমিল্লায় দেড় লাখ টাকার ভারতীয় বিয়ার আটক
কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি দল (ডিবি) বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার জিয়ারখাল এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় বিয়ার আটক করেছে।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের আব্দুর রহিমের পুত্র আব্দুল হক (৪৮)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ দুপুর সাড়ে ১২টায় জিয়ারখাল এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে এক লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা মূল্যমানের একশ’ ৭৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ‘গডফাদার ১০০০’ নামক বিয়ার এবং ১৮ বোতল ‘হিমেন ৯০০০’ বিয়ারসহ মোট একশ’ ৯১ বোতল আটক করে।
এ ঘটনায় মুরাদনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।
