মার্কিন নেতৃত্বাধীন সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ
শান্তিরক্ষা অভিযানে পাঠানোর জন্য ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে মঙ্গোলিয়াকে বেছে নিয়েছে মার্কিন সরকার।
দুই সপ্তাহের সামরিক মহড়া ১১ আগস্ট থেকে শুরু হবে।
সামরিক দ্বন্দ্ব নিরসন এবং অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে মার্কিন সেনাবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়ার এটিই সর্বশেষ পর্যায়। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়।
মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২২০, মঙ্গোলিয়ার ৬৩০ এবং ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ, ফিজি ও টোঙ্গা থেকে মোট ২৪২ জন সেনা অংশ নেবে। সামরিক মহড়ায় চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও কানাডা থেকে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত বছরের শেষের দিকে মঙ্গোলিয়া সফরে যাওয়ার পর থেকে দেশটির সাথে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটে। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে তিনিই প্রথম মঙ্গোলিয়ায় সফর করেন।
বুশের সফরের পর ইরাকে নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীতে মঙ্গোলিয়ার সেনাবাহিনী অংশ নেয়।
