২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর - ভালুকা বনাঞ্চল খুব শীগগিরই বেহাত হয়ে যাবে: সংসদীয় কমিটিতে উদ্বেগ প্রকাশ

অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে গাজীপুর থেকে ময়মনসিংহের বালুকা পর্যন্ত সংরক্ষিত বনাঞ্চলের সবটুকুই ভূমিদস্যুদের দখলে চলে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

শুধু গাজীপুর জেলাতেই ৮ হাজার ৫৩৩ একর জমি অবৈধ দখলদারদের হাতে চলে গেছে এবং সারাদেশে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকার ভূ - সম্পত্তি ভূমি দস্যুদের দখলে রয়েছে।

জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত এক বৈঠকে উপস্থিত সদস্যরা এ তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সদস্য এনামুল হক, প্রমোদ মানকিন, গোলাম হাবিব দুলাল ও বিশেষ আমন্ত্রণে উকিল আবদুস সাত্তার অংশ নেন। কমিটির পরবর্তী বৈঠকে ভূমিদস্যুদের একটি তালিকা উপস্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

সদস্যরা বৈঠকে জানান, ভূমি দস্যুদের দখলে রয়েছে দেশের প্রায় ৭০ হাজার কোটি টাকার ভূমি। এর মধ্যে শুধু গাজীপ্রর জেলাতেই ৮ হাজার ৫৩৩ একর ভুমি বেদখল হয়ে আছে। আবার গাজীপুর জেলা ও ময়মিনসিংহ থেকে ভালুকা পর্যন্ত বিস্তীর্ণ বনাঞ্চল দখলে নেমেছে একটি প্রভাবশালী মহল।

এর সঙ্গে বনবিভাগের উর্দ্ধতন কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনিক শীর্ষ মহল পর্যন্ত জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেভাবেই হোক দখলকৃত এসব ভূমি দস্যুদের হাত থেকে উদ্ধার করতে হবে। নয়তো এক সময় পুরো এলাকা দখলে চলে যাবে। তাই এখনই যথাযথ ব্যবস্থা নিতে হবে।

জানা গেছে, বেদখলকৃত এসব ভুমি উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ জানানো হবে।