২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় নাজ স্যুয়েটার ফ্যাক্টরিতে শ্রমিক বিক্ষোভের মুখে দাবি মেনে নিয়েছেন কর্তৃপক্ষ

রাজধানীর উত্তরা ৩নং সেক্টরের এইচএম প্লাজায় অবস্থিত নাজ স্যুয়েটার গার্মেন্টসে কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিকের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ ১১ দফা দাবি মেনে নিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ১১ দফা দাবিতে বুধবার সকালে রাজলক্ষ্মী কমপ্লেক্স সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।

সকাল ৮টার দিকে ফ্যাক্টরীর শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বকেয়া বেতন, ন্যায্য মজুরী, সাপ্তাহিক ছুটি, আইডি কার্ড, উৎসব বোনাস, ৫ তারিখের মধ্যে বেতন, মেয়েদের মাতৃত্বকালীন ৩ মাসের বেতনসহ ছুটি এবং ফ্যাক্টরি খোলার দাবি জানান।

উত্তেজিত শ্রমিকরা রাস্তায় সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উত্তরা থানার ওসি নাঈমুর রহমান তিন প্লাটুন দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, গত ৭ আগস্ট থেকে নাজ স্যুয়েটার কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধ না  করে হঠাৎ ফ্যাক্টরী বন্ধ করে দিলে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় সভানেত্রী মোশরেফা মিশু, বিজিএমই’র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ ১০জন প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছেন।  

দুপুর পৌনে ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা সাড়ে তিন ঘন্টা নাজ ফ্যাক্টরীর মালিক আজাদুর রহমান আজাদসহ ফ্যাক্টরীর কর্মকর্তাদের সঙ্গে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ও বিজিএমইএ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মোশরেফা মিশু বিডিনিউজকে জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নিয়েছেন এবং শ্রমিকরা আগামীকাল বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেবেন।