গাইবান্ধার গ্রামীন অর্থনীতি এখন দাদন ব্যবসায়ীদের খপ্পরে জিম্মি
গাইবান্ধার পল্লী অঞ্চলে আমন ধান রোপন মৌসুমের শুরুতেই দাদন ভিত্তিক অর্থনীতি এখন চাঙ্গা হয়ে উঠেছে। ফলে অবৈধ দাদন কারবারীদের একদিকে যেমন দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটছে,অপরদিকে অভাবের তাড়নায় এসব দাদন ব্যবসায়ীদের কাছে উচ্চ সুদে ঘটিবাটি সহ মূল্যবান জিনিসপত্র বন্ধক রেখে দাদনের টাকা নিয়ে জমাজমি ও সহায় সম্পত্তি হারিয়ে সর্বশ্রান্ত হচ্ছে দরিদ্র, ক্ষুদ্র প্রান্তিক চাষী ও শ্রমজীবি অনেক পরিবার।
জেলার ৫ টি উপজেলার ১শ’ ২টি চরাঞ্চলের ৩ লাখ শ্রমজীবি ও ক্ষুদ্র প্রান্তিক চাষী অভাবের সময়ে বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছে উচ্চ সুদে টাকা নিয়ে অর্ধেক দামে আগাম শ্রম ও জমির ফসল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে।
সরেজমিনে এসব এলাকা ঘুরে জানা গেছে শতকরা মাসিক ২০ থেকে ৩০ টাকা সুদে এসব দাদন ব্যবসায়ীরা অর্থলগ্নি করছে। তবে অভাবের সময়ে দাদন ব্যবসায়ীরা এই সুদের হার আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়া মূল্যবান কোন জিনিস বন্ধক রেখে কিংবা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তবেই দাদন ব্যবসায়ীরা অর্থলগ্নি করছে। অভাবের তাড়নায় খেয়ে পরে বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে একবার দাদনের টাকা নেয়ার পর তাদের খপ্পর থেকে কোনভাবেই রেহাই পাচ্ছেনা দরিদ্র মানুষগুলো।
উচ্চ হারে সুদ দিতে ব্যর্থ হয়ে দাদন ব্যবসায়ীদের হুমকির মুখে তাদের কাছে নামমাত্র মূল্যে ভিটেমাটি, আবাদি জমি ও ঘড়বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে।
অবৈধ উপায়ে বিপুল পরিমান সুদ আদায় করে দাদন ব্যবসায়ীরা অর্থ বিত্তে দ্রুত সম্পশালী হয়ে উঠলেও তারা কোন আয়কর না দিয়ে সরকারি নিয়মনীতিকে উপেক্ষা করে এ বেআইনী সুদের কারবার চালিয়ে যাচ্ছে এবং সুদের টাকা আদায় করতে অসহায় দরিদ্র মানুষকে নানাভাবে অত্যাচার নিপীড়ন করছে। ফলে সাম্প্রতিক কালে এ জেলার গ্রামীন অর্থনীতি এই দাদন ব্যবসায়ীদের খপ্পরে জিম্মি হয়ে পড়েছে।
