বরগুনায় পোলিও রোগী
বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের আবদুর রাজ্জাক (১৩) পোলিও রোগে আক্রান্ত হয়েছে।
পোলিও আক্রান্ত এ কিশোর পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম শাহআলম।
হাসপাতালের শয্যায় শুয়ে আবদুর রাজ্জাক জানায়, ১৫ দিন আগে সে জ্বরে আক্রান্ত হয়। জ্বর সেরে গেলেও তার পেটে ব্যাথা থাকে। এর পর থেকে সে আর হাঁটতে পারছেনা। ডান পা অবশ হয়ে গেছে। মঙ্গলবার রাজ্জাককে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, রাজ্জাককে সবগুলো পোলিও প্রতিষেধকই দেওয়া হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ রুস্তম আলী জানান, প্রাথমিকভাবে পোলিও আক্রান্ত বলে মনে হলেও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
