২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি না মানলে ২৮ আগস্ট থেকে উন্নয়ন কাজ বন্ধ করে দেবে ইইডির কর্মীরা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ৩৯ মাস বেতন বঞ্চিত ২৩১ জন কর্মকর্তা ও কর্মচারি আগামী ২৭ আগস্টের মধ্যে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2006, 02:23 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

দাবি না মানলে ২৮ আগস্ট থেকে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ২৩১ কর্মকর্তা ও কর্মচারিদের তিনটি সংগঠন মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ ৩৮টি আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান, সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সেলিম হোসেন, জাফর আলী সিকদার, কর্মচারি সমিতির আহম্মেদ হোসেন মজুমদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সচিব কমিটির সুপারিশ সত্ত্বেও অর্থ মন্ত্রণালয় অযৌক্তিকভাবে ’৯৭ সালের আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিযুক্ত এসব কর্মকর্তা ও কর্মচারিকে রাজস্ব খাতে স্থানান্তর করেনি বলে তারা গত ৩৯ মাস ধরে বেতন পাচ্ছেন না।