বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্রিডিটেশন বিধিমালা অনুমোদন করেনি মন্ত্রিসভা
মন্ত্রিসভা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন) বিধিমালা অনুমোদন না করে আরো পরীক্ষা - নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে।
তবে মন্ত্রিসভার বৈঠকে প্রবাসী বাংলাদেশীদের স্বার্থরক্ষায় ‘প্রবাসী কল্যাণ নীতিমালা’ অনুমোদিত হয়েছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে তার কার্যালয়ে সোমবার দুপুরে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে হজ্জ্ব মৌসুমের আগে হজ্জ্ব যাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়।
তবে এ ব্যাপারে মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত না নিয়ে ধর্ম মন্ত্রণালয়কেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয়।
এ ব্যাপারে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের জানান, বৈঠকে সিলেট ভ্যাটেরিনারি কলেজকে কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, প্রবাসীদের কল্যাণে সরকার বিভিন্ন ভাবে কাজ করছে। একই সাথে সরকার জনশক্তি রপ্তানী বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ কারণে প্রবাসীদের কল্যাণে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ প্রবাসী কল্যাণ নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
