চাঁপাইনবাবগঞ্জের ধাইনগরে হামলায় ক্ষতিগ্রস্তরা কেমন আছেন?
সময়: বিকাল সাড়ে ৩ টা। প্রতিপক্ষের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি আগ্লে বসে দুপুরের খাবার খাচ্ছেন অশীতিপর দুই বৃদ্ধা। কিছু দূরে সারাদিন অনাহারে থাকা বৃদ্ধা মর্জিনা (৮৫) বিধ্বস্ত বাড়ির ওপর বসে দূরদৃষ্টি মেলে তাকিয়ে আছেন। চোখ জলে ভেজা।
আতঙ্কের ছাপ চোখেমুখে। জানা গেল পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাদের। শনিবারের হামলার পর থেকে নিয়মিত দু মুঠো খাবারও জোটেনি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁ’র শতাধিক পরিবারে এখন এমনই দুরবস্থা।
সোমবার ওই এলাকাটিতে গিয়ে এ করুণ অবস্থা চোখে পড়ে।
গ্রামবাসী জানান, ধাইনগর ইউনিয়নে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বের শিকার এই পরিবারগুলো তাদের অপরাধ খুঁজে পাচ্ছেন না। তারা জানেন যে চাচা ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী ও ভাতিজা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক জহির চৌধুরীর গ্রাম বামুনগাঁয়ে বাড়ি হওয়ার কারণেই তাদের এ মাশুল গুণতে হলো।
প্রসঙ্গত শনিবার দু’পক্ষের হামলাকারীরা শুধু এ গ্রামেরই ৪০টি বাড়ি একেবারে গুঁড়িয়ে দিয়ে কেরোসিন ও পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে বামুনগাঁ প্রায় শ্মশানে পরিণত হয়। বাড়ির আসবাবপত্র, তৈজসপত্র, কাপড় - চোপড় এমনকি ধান - চালও পুড়ে ছাই হয়ে যায়। হামলাকারীরা তাতেও ক্ষান্ত হয়নি, তারা লুটপাট করে নিয়ে যায় টাকা, স্বর্ণালঙ্কার সব। এ অবস্থায় দরিদ্র লোকজন সহায় - সম্বল হারিয়ে একেবারেই দিশেহারা হয়ে পড়েছে।
বৃদ্ধা মর্জিনা বিডিনিউজকে জানান, তার চার ছেলে কৃষি কাজ করে। নিজের জমি বলতে তেমন কিছু নেই। পরের জমিতে কাজ করে যে ধান পান তা দিয়ে কোনরকমে সারা বছর চলে। কিন্তু কুঠিতে (ধান রাখার পাত্র) রাখা ধানও পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, নিজেদের সামলে নেয়ার মত টাকা-পয়সা নেই। যা ছিল তা লুট হয়ে গেছে। এখন কিভাবে চলবো?
উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁ ছাড়াও হামলার শিকার আরো কয়েকটি গ্রামের দৃশ্য প্রায় একইরকম। সোমবার সেখানে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সব জায়গায়ই থমথমে ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
বিধ্বস্ত ও ভস্মীভূত বাড়ি - ঘরের নিচে চাপা পড়েছে ওই এলাকার লোকজনের সাধ ও স্বপ্ন। ক্ষতিগ্রস্তরা নতুন করে হামলার আশংকায় দিন কাটাচ্ছে।
ধাইনগর ইউনিয়নের বামনু গাঁ গ্রামের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বকুল বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ গ্রামটি আজ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। লোকজন এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, পুলিশ এখন ধাইনগরে অবস্থান করছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে হামলার বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
শিবগঞ্জ থানা সূত্র জানায়, শনিবারের ঘটনায় ধাইনগর ইউপি সদস্য কাদেরকে প্রধান আসামী করে ৯২ জনের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় মামলা হয়েছে। অন্যদিকে অপরপক্ষ বৃহস্পতিবারের ঘটনায় ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরীকে প্রধান আসামী করে শনিবার মোট ৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
