আদিবাসীদের ভোটার তালিকাভুক্তি নিয়ে সন্তু লারমার ক্ষোভ
ভোটার তালিকায় আদিবাসীদের অন্তর্ভুক্তিতে অব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সন্তু লারমা। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি রোহিঙ্গাদের ভুয়া ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অভিযোগও করেছেন।
আদিবাসী ফোরাম আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি অনুযায়ী এ অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করার দাবি দীর্ঘদিনের হলেও এখনো এ দাবি যথাযথভাবে মানা হচ্ছে না।
সন্তু লারমা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বাইরের আদিবাসীরা অনেকেই ভোটার হতে পারেননি।
অতীতের অভিজ্ঞতা স্মরণ করে সাবেক এই গেরিলা নেতা বলেন, দেখা গেছে ভোটার হলেও আদিবাসীরা নিরাপত্তার অভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন না। সন্তুর আশঙ্কা, আসছে জাতীয় নির্বাচনেও এরকম অরাজকতা হতে পারে।
