বিদ্যুত বৈষম্যের অবসান না হলে ২১ আগস্টের পর খুলনায় সর্বাত্মক আন্দোলন
বিদ্যুৎ বৈষম্যের অবসান এবং ১০ দফা দাবি পূরণ না হলে আগামী ২১ আগস্টের পর খুলনাবাসীকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে শহীদ মহারাজ চত্বরে বিদ্যুৎ অধিকার সংগ্রাম পরিষদের বিশাল সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। পরিষদভুক্ত ১০১টি সংগঠন ও সংগঠকদের পক্ষ থেকে ঘোষণা পাঠ করেন পরিষদের যৌথ আহ্বায়ক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী।
সমাবেশে ঘোষিত দাবিগুলো হচ্ছে, বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে সরবরাহ নিরবচ্ছিন্ন করা, উৎপাদিত বিদ্যুতের ন্যায্য হিস্যা দান এবং দক্ষিণ - পশ্চিমাঞ্চলের বৈষম্য দূর করা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের অবকাঠামো গড়ে তোলা, জরাজীর্ণ ও অদক্ষ সরকারি স্থাপনাগুলোকে পরিবর্তন করে গ্যাসভিত্তিক স্থাপনা বসানো, বিদ্যুতের সুষম উন্নয়নে আগামী পাঁচ বছর সকল বিদ্যুৎ স্থাপনা খুলনাসহ পশ্চিমাঞ্চলে স্থ্াপন করা, পাওয়ার সেক্টর মাষ্টার প্ল্যান হালনাগাদ করে চাহিদা পূরণে গুরুত্ব দেয়া, জাতীয় সঞ্চালন গ্রীডের মেরুদণ্ড হিসেবে খুলনা থেকে দিনাজপুর এবং আশুগঞ্জ থেকে সিরাজগঞ্জ ২৩০কেভি সঞ্চালন লাইনের কাজ অবিলম্বে শুরু করা, এনার্জি রেগুলেটরি কমিশনে পশ্চিমাঞ্চলের সাড়ে চার লাখেরও বেশী বিদ্যুৎ গ্রাহকের প্রতিনিধিত্ব, দুর্নীতি বন্ধে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি নিরাপত্তার জন্য অবিলম্বে উদ্যোগ গ্রহণ এবং সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ।
সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের যৌথ আহ্বায়ক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী। বতৃতা করেন যৌথ আহ্বায়ক অধ্যক্ষ জাফর ইমাম ও কাজী ওয়াহিদুজ্জামান, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সমন্বয়কারী শেখ আশরাফ-উজ্জামান, সাবেক সংসদ সদস্য কাজী সেকান্দর আলী ডালিম, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশ শেষে নগরীতে বিশাল মিছিল বের হয়।
