২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে এইচআইভি পজিটিভ রিপোর্টে তোলপাড়

‘সিরাজগঞ্জে এইচআইভি পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেছে’ বিভিন্ন পত্র-পত্রিকায় এই খবর প্রকাশিত হওয়ার পর সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগসহ উচ্চ পর্যায়ে তোলপাড় শুরু হয়েছে। এ খবরে সিরাজগঞ্জবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 03:21 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বুধবার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৭ নং শয্যার রোগী হামিদার জন্য রক্তের প্রয়োজন হলে শহরের ইসলামিয়া কলেজ সড়কের রক্ত বিক্রির প্রতিষ্ঠান ‘সেন্টার প্যাথলজি’ কর্তৃপক্ষ ভাঙ্গাবাড়ী খান সাহেবের রক্ত বিক্রি সিন্ডিকেট থেকে এ+ রক্ত সংগ্রহ করে সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে পরীক্ষার জন্য নিয়ে গেলে তাতে এইচআইভি পজিটিভ (এইডস্ জীবাণু) ধরা পড়ে।

এদিকে রক্তের ব্যাগে রক্তদাতা সদর উপজেলার বেজগাতী গ্রামের আমজাদ হোসেন নাম লেখা থাকলেও এই নামের কাউকে ওই এলাকায় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সেন্টার প্যাথলজি ১০/১২ বছর ধরে তাদের কার্যক্রম চালালেও তাদের কোন বৈধ কাগজপত্র নেই। এ বিষয়ে সেন্টারটির মালিক সজল সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে খবরটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। সম্প্রতি তারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান এবং আবাসিক সার্জন ডা. আব্দুল আউয়াল জানান, বিষয়টি খুবই ভয়াবহ। হাসপাতালে সঠিক পরীক্ষার জন্যই এইচআইভি পজিটিভ  ধরা পড়েছে।

তারা বলেন, এইচআইভি পরীক্ষার বিষয়টি ব্যয়সাপেক্ষ হওয়ায় প্যাথলজি কর্তৃপক্ষ ঠিকমতো পরীক্ষা না করেই এই রক্ত ব্যবহার করে থাকেন। এতে করে খুব সহজেই এ রোগ বিস্তার করতে পারে বলে তারা আশংকা ব্যক্ত করেন।

জানা গেছে, সরকারী নীতিমালা উপেক্ষা করে সিরাজগঞ্জ জেলা শহর ও উপজেলায় ব্যাঙের ছাতার মত অসংখ্য বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজি সেন্টার গড়ে উঠেছে। সিভিল সার্জন অফিসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারির যোগসাজশে এসব অবৈধ ক্লিনিক প্যাথলজি সেন্টার দীর্ঘদিন ধরেই রমরমা ব্যবসা করে যাচ্ছে।

এসব ক্লিনিক ও প্যাথলজির সহযোগিতায় রক্ত বিক্রেতাদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা বিভিন্ন পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে সুলভে রক্ত কিনে এনে এইচআইভি পরীক্ষা ছাড়াই ক্লিনিক ও হাসপাতালের রোগীদের কাছে তা বিক্রি করে।

গত এক বছর সিরাজগঞ্জ সদর হাসপাতালে সন্ধানীর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এই সিন্ডিকেট আরও সক্রিয় হয়ে উঠেছে।