সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় শিক্ষক - কর্মচারিরা আবারো মাঠে
বিভিন্ন শিক্ষক সংগঠনের সাথে আলোচনায় সরকারের পক্ষ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পূরণ হওয়ায় আবারো মাঠে নামছে শিক্ষক - কর্মচারিদের বিভিন্ন সংগঠন।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রীর সাথে আন্দোলনরত শিক্ষকদের মঙ্গলবারের আলোচনা ব্যর্থ হওয়ায় বুধবার জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্ট হরতালসহ মাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় ফ্রন্ট নেতারা শিক্ষামন্ত্রীর আচরণের তীব্র নিন্দা জানান।
জাতীয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যালয়ে বুধবার এক সংবাদ সংম্মেলন থেকে জাতীয় শিক্ষক - কর্মচারি ফ্রন্টের প্রধান সমন্বয়কারি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
ফ্রন্ট ঘোষিত নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ আগস্ট বেলা ২টা পর্যন্ত হরতাল, ৩ আগস্ট দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল, প্রতিনিধি সভা।
অন্যদিকে বুধবার শিক্ষক - কর্মচারি ঐক্যজোটের খুলনা শাখার শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আন্দোলনরত শিক্ষক - কর্মচারিরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
সমাবেশ থেকে ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনের শিক্ষক - কর্মচারিদের মহাঅবস্থানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ সেলিম ভুইয়াসহ অন্য নেতারা।
এছাড়াও জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকার মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে অর্থমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।
এদিকে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব আব্দুর রহমান বাচ্চুর নেতৃত্বাধীন অংশ বুধবার থেকে আন্দোলনে নেমেছে। তাদের দাবি, ৩১ জুলাইয়ের মধ্যে চাকরি জাতীয়করণ করা।
আন্দোলনরতরা জানান, সরকার শিক্ষক নেতাদের সাথে আলোচনায় চাকরি জাতীয়করণের আশ্বাস দিলেও প্রতিশ্রু তি পূরণ করেনি। বরং শিক্ষকদের ওই দাবিকে পাশ কাটিয়ে সামান্য পরিমানে বেতনভাতা বাড়ানো হয়।
এরই প্রতিবাদে প্রাথমিক শিক্ষক সমিতি বুধবার থেকে শহীদ মিনারে অবিরাম অবস্থান ধর্মঘট শুরু করেছে। এর আগে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারক লিপি পেশ করে।
অন্যদিকে কমিউনিটি প্রাথমিক শিক্ষকদের দাবি না মানায় তারা আবার ৬ আগস্ট থেকে আন্দোলনে নামছে। ৬ আগস্ট থেকে কাফনের কাপড় নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।
