সিরাজগঞ্জ ও লালমনিরহাটে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু, খুলনা ও শেরপুরে ২ গৃহবধুকে হত্যা
সিরাজগঞ্জ ও লালমনিরহাটে পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা ও শেরপুরে যৌতুকের দাবিতে দুই গৃহবধুকে হত্যা করা হয়েছে।
সিরাজগঞ্জের বিডিনিউজ প্রতিনিধি জানান, স্টেশন রোডের পার্শ্ববর্তী পৌরসভার পুকুরে ডুবে মারিয়া খাতুন (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, বাবা শামসুল হকের সাথে কলা পাতা কাটতে গিয়ে মারিয়া পুকুরে ডুবে যায়। অনেক খোঁজখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে মারিয়ার লাশ পুকুরে ভেসে ওঠে।
অপরদিকে লালমনিরহাট ধরলা নদীতে অপর একটি শিশু ডুবে মারা গিয়েছে। তার নাম মিজান (৮)। সে সদর উপজেলার বুয়ালমাড়ী এলাকার পায়োর আলীর ছেলে।
খুলনার বিডিনিউজ প্রতিনিধি জানান, ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামে যৌতুকের কারণে বুধবার ভোরে এক গৃহবধুকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহত গৃহবধুর নাম হালিমা (১৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী লিটন স্ত্রী হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঘরে আড়ার সাথে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে শেরপুরে যৌতুকের দাবি পূরণ না হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের মারধর ও নির্যাতনে মঙ্গলবার রাতে হনুফা বেগম (২৬) নামে এক গৃহবধু নিহত হয়েছে। তার দুটি সন্তান রয়েছে।
জানা গেছে, নয় বছর আগে সদর উপজেলার কানাশাখোলা গ্রামের হযরত আলীর ছেলে কালামের সাথে শেরপুর শহরের রাজবল্লভপুর এলাকার আকবর আলীর মেয়ে হনুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে জমি বিক্রি করে যৌতুক হিসেবে হনুফার বাবা ৭০ হাজার টাকা দেওয়া হয় কালামকে। কিন্তু এরপরও আরও টাকার দাবিতে হনুফার ওপর নির্যাতন করা হতো। মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর হনুফা মারা যান। ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
