রাজধানীর মিরপুরে পানিতে ডুবে স্কুলছাত্র নিহত
রাজধানীর মিরপুরে শনিবার সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম ফিরোজ মাহমুদ নিটোল (১৩)। সে ময়মনসিংহ বি বি রোডের ফরিদুল মাহমুদের ছেলে।
স্থানীয়রা জানায়, নিটোল মিরপুর এলাকার ফায়ার সার্ভিসের মাঠে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
দুর্ঘটনার পর বাড়ির গৃহকর্মী নিটোলের পরিবারকে খবর দিলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিটোল মারা যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিটোল রাজধানীর শাহীন স্কুল এন্ড কলেজ এর অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
