২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের দাবি ঝুলন্ত সেতু: আন্দোলনের কারণে কর্ণফুলী সেতু অনিশ্চিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নির্মাণাধীন কর্ণফুলী সেতুর বদলে ঝুলন্ত সেতু নির্মাণের দাবিতে আন্দোলন গড়ে তোলায় এই সেতুর কাজ অনিশ্চিত হয়ে পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

একই সঙ্গে সরকার এবং মেয়র তাদের নিজ নিজ অবস্থানে অটল থাকায় কর্ণফুলী সেতু নির্মাণ ইস্যুতে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন।

চট্টগ্রাম প্রেসক্লাবে শনিবার দুপুরে অনুষ্ঠিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে মেয়র এবিএম মহীউদ্দিন চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আরসিসি পিলারভিত্তিক সেতু নির্মাণ আমি প্রতিহত করবো; ঝুলন্ত সেতু ছাড়া অন্য কোনো সেতু নির্মাণ চট্টগ্রামবাসী মেনে নেবে না। আরসিসি পিলারের সেতু নির্মাণ করা হলে তা দেশের প্রধান বন্দরটিকে ধ্বংস করে দেবে।

সংবাদ সম্মেলনে মেয়র চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে এ ব্যাপারে নতুন আন্দোলন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দেন।

তিনি জানান, এ ব্যাপারে বুয়েট, নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই) ও পানি সম্পদ বিভাগের বিশেষজ্ঞ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে কথা বলার জন্য ৩ আগস্ট ঢাকায় যাবেন।

এছাড়া মেয়র এবিএম মহীউদ্দিন চৌধুরী ৫ আগস্ট লালদীঘি ময়দানে একই ইস্যুতে এক সমাবেশে বক্তব্য রাখবেন ।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ড. আবু ইউসুফ আলম এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানু বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা আগামী ৮ আগস্ট তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণের কাজ উদ্বোধন করবেন।

এরআগে গত ১৯ জুলাই শাহ আমানত সেতুর সামনে অনুষ্ঠিত এক সমাবেশে মেয়র ঘোষণা করেন, প্রয়োজনে চট্টগ্রামের মানুষ কর্ণফুলী নদীতে রক্তের ধারা বইয়ে দেবে। চট্টগ্রামবাসী রক্ত দিয়ে হলেও আত্মঘাতী পিলার ভিত্তিক সেতু নির্মাণ কাজ প্রতিহত করবে।

মেয়র পিলারভিত্তিক সেতু নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন। যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাথে আলোচনার ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ২৭ জুলাই ঢাকায় এ ব্যাপারে আলোচনার আহ্বান জানালে তিনি বলেন, আমি আলোচনা করতে আগ্রহী। তবে ঝুলন্ত সেতু ছাড়া অন্য কোনো সেতু নির্মাণ আমি মেনে নেব না।

মেয়র বলেন, আরসিসি পিলারের ওপর সেতু নির্মাণ প্রচেষ্টাকে  জোট সরকারের ধোঁকাবাজি ও নির্বাচনের আগে তাদের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতামত, পানি সম্পদ বিভাগ, বিআরটিসি ও বুয়েটের মূল্যায়ন প্রতিবেদন এবং নদী গবেষণা ইনস্টিটিউটের টানেল বা ক্যাবল স্টেইড সেতু নির্মাণের সুপারিশ সত্ত্বেও সরকার পিলার ভিত্তিক সেতু নির্মাণ করতে যাচ্ছে।

তিনি আরো জানান, ২০০৬ সালের ১৬ মে সিপিএ এবং সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, কর্ণফুলী নদীর ওপর আরসিসি পিলারেরর সেতু নির্মাণ করা হলে নৌ চ্যানেল হুমকির মধ্যে পড়বে এবং নদীর তলদেশে কাদা জমা হবে।

মেয়র বলেন, পিলারের ওপর সেতু নির্মিত হলে নৌ স্থাপনা, বিআইডব্লিউটিসি, ড্রাই ডক, মেরিন একাডেমী, টিএসপি, কাফকো এবং আরো তিনটি মূল তৈল স্থাপনা হুমকির মধ্যে পড়বে।

বিশ্বের কোথাও কোনো বন্দরের নৌ চ্যানেলের ওপর পিলার ভিত্তিক সেতু নির্মাণের নজির নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, হুগলি বন্দরে নির্মিত সেতু ও বিদ্যাসাগর সেতু ঝুলন্ত হওয়ার কারণে নদীর নাব্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়নি। 

মেয়র সরকারের উদ্দেশে বলেন, আপনারা যদি ঝুলন্ত সেতু নির্মাণে অক্ষম হন, তবে আমাকে শুধু অনুমতি দিন। ঝুলন্ত সেতু নির্মাণ করার জন্য দুহাজার কোটি টাকা আমি সংগ্রহ করবো।

তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ বর্তমান সরকারের একটি নির্বাচনী প্রতিশ্র“তি। ২০০৪ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরও বিভিন্ন কারণে সেতুর নির্মাণ কাজ পিছিয়ে পড়ে।

যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ বিভাগ ৩৩৮ কোটি টাকার একটি প্রকল্পে ‘চায়না মেজর ব্রিজ’ কোম্পানিকে কার্যাদেশ প্রদান করে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন করার লক্ষ্যে ৮০ র দশকের শেষে কর্ণফুলী নদীর ওপর শাহ আমানত সেতু নির্মাণ করা হয়।

১৯৩১ সালে কর্ণফুলী নদীর ওপর নির্মাণ করা সেতুটি বর্তমানে প্রায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে; এ সেতুটি বর্তমানে শুধু ট্রেন চলাচলের ব্যবহৃত হচ্ছে।