চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে এক মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী নয়টি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়।
বায়েজিদ থানা পুলিশের একটি দল সকাল সাড়ে ৮টার দিকে নগরীর অক্সিজেন ক্রসিং এলাকায় সিগনালে হাটহাজারি উপজেলা থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশায় আকস্মিকভাবে তল্লাশি চালায়। এসময় এর চালক সৈয়দ আহমেদ ট্রাফিক সিগনাল অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে এক পুলিশ দৌড়ে গাড়িতে উঠে পড়ে এবং থামাতে বাধ্য করে।
পরে পুলিশের দলটি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে এর ভিতর থেকে একটি এক নলা ও একটি দুই নলা বন্দুক এবং ১২টি গুলি উদ্ধার করে।
আটককৃত চালক ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। পরে চালকের দেয়া তথ্য মতে পুলিশ শুক্রবার বেলা ১টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকায় বাবুল বড়–য়ার বাড়িতে যায়। সেখান থেকে পুলিশ ২৪টি গুলির একটি প্যাকেটসহ বাবুল বড়–য়াকে গ্রেপ্তার করে।
বাবুলের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ চান্দগাঁও থানার মোহরা দীঘির পাড়ে নীলু আকতারের বাড়ি থেকে আরও সাতটি এক নলা ও দুই নলা বন্দুক এবং ৪০টি বুলেট উদ্ধার করে। এসময় নীলু আক্তারের স্বামী জাহাঙ্গীর আলম বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
