ফকিরহাটে অসামাজিক কাজের জন্য মাদ্রাসা শিক্ষককে সালিশে জুতাপেটা করলেন তিন সহোদর
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের রাজপাট গ্রামে অসামাজিক কার্যকলাপের দায়ে মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলাম ইলিয়াসকে (৪৫) জুতাপেটা করা হয়েছে এবং অভিযুক্ত অপরজনকেও নাকে খৎ দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, ফকিরহাট কারামাতিয়া সিনিয়র ফাজীল মাদ্রাসার লাইব্রেরিয়ান ও দৈনিক সংগ্রাম পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম ইলিয়াস এবং রাজপাট গ্রামের চার সন্তানের জননী এক মহিলাকে বুধবার সন্ধ্যায় আপত্তিকর অবস্থায় একটি চিংড়ি ঘেরের পাহারাদারী ঘর (গৈ ঘর) থেকে এলাকাবাসী আটক করে।
এ ঘটনায় এক সালিশের আয়োজন করা হয়। সালিশে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বড় ভাই ও এলাকার রেজিস্টার্ড কাজী মাওলানা ইসমাঈল হোসেন সালিশে নেতৃত্ব দেন। রাজপাট বাজারে কয়েক শ গ্রামবাসী এবং এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের উপস্থিতিতে বুধবার গভীর রাত পর্যন্ত এই সালিশ সভা অনুষ্ঠিত হয়।
সালিশের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত’র তিন ভাই অভিযুক্তকে প্রহার ও জুতাপেটা করেন। তবে অভিযুক্ত মহিলাকে কোনরকম নির্যাতন করা হয়নি বলে প্রতক্ষদর্শী ও সালিশে অংশগ্রহণকারীরা জানান।
এলাকার মেম্বার ও সালিশে অংশগ্রহণকারী শেখ মুজিবর রহমান জানান, ইলিয়াসের বিরুদ্ধে নারীঘটিত আরো অভিযোগ রয়েছে। সালিশের বিচারে এলাবাসী সন্তুষ্টি প্রকাশ করে জানান, এ ধরণের প্রকাশ্য সালিশ এলাকার আইন -- শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
