২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকীকরণ: আদালতের নির্দেশনা বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ‘রাজ জোচ্চুরি’র অভিযোগ, আপডেট

বিচার বিভাগ পৃথকীকরণ মামলার শুনানিকালে আদালতের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ‘রাজ জোচ্চুরি’ করেছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার আমীর - উল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

মামলাটির মধ্যস্থতাকারী ব্যারিস্টার আমীর বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিন ঘণ্টার শুনানিকালে এ অভিযোগ করেন। তিনি আদালতের নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে তিনটি বিধিতে সরকারের প্রতারণামূলক ব্যতিক্রমগুলোর একটি তালিকা সুপ্রিম কোর্টে হস্তান্তর করেন।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল হোসেন এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত আবেদনের শুনানি চলে। মাঝখানে আধাঘণ্টার জন্য বিরতি দেওয়া হয়।

এদিকে মামলার অপর মধ্যস্থতাকারী ড. কামাল হোসেন সরকার প্রণীত জুডিশিয়াল সার্ভিস নীতিমালা সংবিধান পরিপন্থী বলে আদালতে অভিযোগ করেন।

তিনি বলেন, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে এবং বিচার বিভাগকে প্রকৃত অর্থে স্বাধীন করা না হলে আইনের শাসন কখনই প্রতিষ্ঠিত হবে না।  বিচার বিভাগ পৃথক না হলে, শাসক ও জনগণের মধ্যে সম্পর্কটা সাম্রাজ্যবাদ যুগের মতোই দাঁড়াবে বলেও তিনি উল্লেখ করেন। 

শুনানিকালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত সরকারি আমলারা আদালতে উপস্থিত ছিলেন।

অ্যাটর্নী জেনারেল এ জে মোহাম্মদ আলীও আদালতে উপস্থিত ছিলেন।

বিচার বিভাগ পৃথকীকরণ মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে।