রাবি স্কুল এন্ড কলেজ: রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের মিছিল সমাবেশ
রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ও ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছেন।
একই দাবিতে ২২ জুলাই থেকে তাদের লাগাতার ধর্মঘট কর্মসূচি অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১০ টায় রাবি স্কুল এন্ড কলেজ চত্বর থেকে মৌন মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেটে তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তির বিষয়টি পাস হয়ে আছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও বিষয়টি অনুমোদন করেছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাবে তারা রাজস্ব খাতে অন্তর্ভক্ত হতে পারছেন না।
শিক্ষকরা অভিযোগ করেন, রাজশাহী আর্ট কলেজ ও কৃষি কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হলেও প্রশাসন ইচ্ছা করেই তাদের বিষয়টি ঝুলিয়ে রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে বলে সমাবেশে শিক্ষকরা ঘোষণা দেন।
