মালয়েশিয়ায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকে যোগ দিতে বুধবার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়লালামপুরে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এআরএফ--এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ওই ফোরামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে জানা যায়, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এআরএফ--এর ১৩তম বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সন্ত্রাস ও সহিংসতা দমন বিষয়ক আলোচনা এ বৈঠকে প্রাধান্য পাবে বলে জানা গেছে।
এর আগে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সাংবাদিকদের বলেছেন, বৈঠকের শুরুতেই আমরা আমাদের প্রত্যাশা এবং এ ফোরামে যুক্ত হওয়ার ফলে আমাদের ভূমিকা কী হবে-- তা নির্ধারণ করবো। বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, সন্ত্রাস দমন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করার ভালো রেকর্ড রয়েছে।
তিনি আরো বলেন, এআরএফ--এর অংশ হিসেবে আমরা আরো বিশাল পরিধিতে কাজ করবো বলে আশা করছি।
