২৯৩ জন সিনিয়র সহকারি সচিবকে উপসচিব পদে পদোন্নতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এসএসবি বৈঠক
২৯৩ জন সিনিয়র সহকারি সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠকে। তবে ৪২ জন যুগ্ম-সচিবের মধ্যে ১২ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাকীদের ব্যাপারে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।
সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে বুধবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের সভাপতিত্বে বৈঠকে সংস্থাপন সচিব, আইন সচিব, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, ইতোপূর্বে প্রশাসনের পদোন্নতি বঞ্চিত ১০০ জন সিনিয়র সহকারি সচিব পর্যায়ের কর্মকর্তাদের উপ-সচিব পদে পদোন্নতির ব্যাপারে কর্মকর্তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়।
সূত্র জানায়, শিগগিরই এসএসবির বৈঠক আবারো বসবে। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই এসব কর্মকর্তার পদোন্নতি দেওয়া শুরু হবে।
সূত্র জানায়, সরকারের শেষ সময়ে প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের খুশি করতে এসব পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
