২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসি’র ৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে সুপারিশ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)র তেল বিপণন কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করে শাস্তিমুলক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে সুপারিশ পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

অভিযুক্তরা হচ্ছেন, নারায়ণগঞ্জের গোদনাইল তেল ডিপোর ইনচার্জ আশফাকুল হক, ফতুল্লা ডিপো ইন চার্জ মাহবুব উন নুর এবং বাঘাবাড়ি ডিপো সুপার ও উপ ব্যবস্থাপক ফারুকুজ্জামান বিশ^াস।

তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, বাকিতে তেল বিক্রির উপর সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা এই কাজ করেছেন। এমনকি বাকিতে বিক্রি করা তেলের টাকারও কোন হদিস পাওয়া যাচ্ছেনা।

তবে অডিট রিপোর্টের ভিত্তিতে দুর্নীতির অভিযোগে ইতোমধ্যেই আশফাকুল হক ও মাহবুব উন নুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ফারুকুজ্জামান বিশ^াসও বাকিতে তেল বিক্রি করলেও হিসাবের খাতা ঠিক রাখার জন্য নিজের ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে সরকারি হিসেব ঠিক রেখেছেন। এ কর্মকর্তাকে বাঘাবাড়ি থেকে চট্রগ্রামে বিপিসি’র প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, স্বচ্ছতার মাধ্যমে জ্বালানি বিভাগের সংস্থাগুলো পরিচালিত করা হচ্ছে। এরপরও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জ্বালানি বিভাগ নিজ উদ্যোগে অভিযুক্তদের বিরুদ্ধে কাগজপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। এটা একটি নতুন নজির বলে তিনি মনে করছেন।