জলদস্যুতার শীর্ষে চট্টগ্রাম বন্দর: আইএমবি প্রতিবেদন
আন্তর্জাতিক ম্যারিটাইম ব্যুরোর (আইএমবি) ২০০৬ সালের প্রথমার্ধের প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরকে জলদস্যুদের হামলার দিক থেকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে।
সমুদ্রে জলদস্যুতা নিয়ে গবেষণাকারী ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ২২টি জলদস্যুতার ঘটনা ঘটেছে।
বিশ্বের কোনও একটি বন্দরে ওই সময়ের মধ্যে এত বেশি জলদস্যুতার ঘটনা ঘটেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইন্দোনেশিয়ার জাকার্তা বন্দর এক্ষেত্রে আটটি জলদস্যুতার ঘটনা নিয়ে প্রতিবেদনে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জলদস্যুরা আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজের নাবিকদের ওপর আক্রমণ করে এবং সহিংস ঘটনা ঘটায়।
কুয়ালালামপুরভিত্তিক আইএমবি’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া জলদস্যুতার দিক থেকে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
২০০৫ সালের একই সময়ের মধ্যে বাংলাদেশে মাত্র আটটি এবং ইন্দোনেশিয়ায় ৪২ টি জলদস্যুতার ঘটনা ঘটে। এক্ষেত্রে এশিয়ার দেশগুলোর সাথে এসে যুক্ত হয়েছে আফ্রিকার দেশ সোমালিয়ার নাম।
আইএমবি’র প্রতিবেদনে ২০০৬ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী ১২৭ টি জলদস্যুতার ঘটনার কথা উল্লেখ করা হয়। ২০০৫ সালের একই সময়ে সমান সংখ্যক ঘটনা ঘটেছিল। তবে ২০০৪ সালের একই সময়ে জলদস্যুতার ঘটনা ছিল ১৮২ টি এবং ২০০৩ সালে ছিল ২৩১ টি।
২০০৬ সালের প্রথমার্ধে জলদস্যুদের হামলায় বিশ্বে ছয়জন নাবিক নিহত হন। এর মধ্যে ১৫৬ জনকে জিম্মি এবং ১৩ জনকে অপহরণ করা হয়। জলদস্যুরা ৭৪ টি জাহাজে হামলা চালায় এবং ১১ টি জাহাজ ছিনতাই করে।
সর্বোচ্চ জলদস্যুতার ঘটনা ইন্দোনেশিয়াতে ঘটেছে। বিভিন্ন বন্দর মিলিয়ে ইন্দোনেশিয়ায় ৩৩ টি জলদস্যুতার ঘটনা ঘটলেও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেই ঘটেছে ২২টি জলদস্যুতার ঘটনা। দেশ হিসেবে ইন্দোনেশিয়া শীর্ষে থাকলেও একক বন্দর হিসেবে শীর্ষে রয়েছে চট্টগ্রাম।
আইবিএম জানায়, এসব ঘটনায় সোমালিয়ায় একজন, ফিলিপাইনে একজন এবং দক্ষিণ চীন সাগরে চারজন নিহত হয়।
মালাক্কা প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যের ৪০ শতাংশ সম্পাদিত হলেও সেখানে জলদস্যুতার ঘটনা অনেক কমে এসেছে। ২০০৫ সালে সেখানে আটটি জলদস্যুতার ঘটনা ঘটলেও এবার ঘটেছে মাত্র তিনটি।
শীর্ষস্থানীয় ইন্সুরেন্স কোম্পানি লয়েড মালাক্কা প্রণালীকে বিপজ্জনক জলপথ বলে চিহ্নিত করেছে।
আইএমবি’র পরিচালক পতেঙ্গাল মুকুনদান এক বিবৃতিতে জানান, গত দু বছরের তুলনায় জলদস্যুতার ঘটনা কমে এলেও বিপজ্জনক হিসেবে নতুন নতুন বন্দরের নাম তালিকায় উঠে আসছে।
চট্টগ্রামের কোস্টগার্ড কর্মকর্তারা বিডিনিউজকে জানান, মঙ্গলবার বাণিজ্যিক একটি জাহাজে ডাকাতির সময় তারা নয় জলদস্যুকে আটক করেছেন।
বিশাল উপকূলীয় এলাকা টহল দেওয়ার প্রধান অন্তরায় হিসেবে জ্বালানি তেলের উচ্চ মূল্য এবং পর্যাপ্ত সরঞ্জাম না থাকাকে দায়ী করলেন উপকূল রক্ষায় নিয়োজিত কর্মকর্তারা।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য বারবার চেষ্টা করেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে শতকরা ৮০ ভাগেরও বেশী পণ্য আমদানী -- রপ্তানী হয়ে থাকে।
