২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতন ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ইইডি’র ২৩১ কর্মচারির অবস্থান ধর্মঘট

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) সমাপ্ত হয়ে যাওয়া পাঁচটি প্রকল্পের ২৩১ জন কর্মচারি তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং ৩৮ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষা ভবন প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ৩৮ মাসের মাসের বকেয়া বেতনভাতা পরিশোধ ও চাকুরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন। তারা প্রধান প্রকৌশলীর ভূমিকায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সরকারি কর্মচারি সমিতির সভাপতি সামছুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) আলী আজম কাদরী, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ রবিন এবং ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক সেলিম হোসেন।

আন্দোলনরত কর্মচারিরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত শিক্ষা ভবনসহ সারা দেশে ৩৮ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আগামী ২৯ আগস্টের মধ্যে দাবি না মানলে ইইডি’র সব কর্মকর্তা ও কর্মচারি দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।