২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী কাউন্সিল ১ আগস্ট থেকে শুরু

সার্কভূক্ত দেশগুলোর মন্ত্রীদের দুদিনব্যাপী কাউন্সিল ১ অগাস্ট থেকে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলে চীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা এবং সার্ক সচিবালয়ের জন্য আগামী ২০০৭ সালের ১৩ লাখ মার্কিন ডলারের বাজেট অনুমোদনসহ বেশকিছু বিষয় স্থান পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় অনুষ্ঠিত ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এ সংস্থার সদস্য পদ দেওয়া হয়েছে আফগানিস্তানকে। নতুন সদস্য দেশের পক্ষ থেকে কাউন্সিলে অংশ নেবেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রানজিন দাদফার স্পান্টা এবং উপপররাষ্ট্র মন্ত্রী মাহমুদ সাইকাল।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের এই কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বুধবার সাংবাদিকদের বলেন, ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলন এবং গত আট মাসের পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন গতিশীলতা সঞ্চার হয়েছে এবং আমরা তৃতীয় দশকের লক্ষ্য কী হবে তা সহ বেশকিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে চাচ্ছি।

কাউন্সিলে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সার্কের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, সম্প্রতি সার্কের পর্যবেক্ষক হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন তাদের আগ্রহের কথা জানিয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়া ও রাশিয়াও সার্কের ব্যাপারে আগ্রহী।

ভূটানের পররাষ্ট্রমন্ত্রী খান্দু ওয়াংচুক, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শাহীদ, নেপালের উপপ্রধান মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কেপি শর্মা ওলি, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খোরশেদ মাহমুদ কাসুরি, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাওয়িরা এবং সার্কের চেয়ার স্বাগতিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান কাউন্সিলে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কাউন্সিলে সার্কের অষ্টম আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে এবং নতুন দিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কার্যক্রম শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীরা সার্ক মিডিয়া বর্ষ ঘোষণা এবং সাউথ এশিয়ান ইউনিভার্সিটি স্থাপনের ব্যাপারে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের আগে ৩০ জুলাই কর্মসূচি কমিটি এবং ৩১ জুলাই ও ১ আগস্ট পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।