রামগতি চ্যানেল থেকে ৬ কার্গো জাহাজ ভর্তি চোরাই লবণসহ ৩০জন আটক
কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের রামগতি চ্যানেল থেকে মিয়ানমার থেকে চোরাচালান হয়ে আসা ছয়টি কার্গো জাহাজ ভর্তি ৩০ হাজার বস্তা লবণসহ ৩০জনকে আটক করেছে। মঙ্গলবার ভোররাতে এ অভিযান চালানো হয়।
আটককৃত লবণের আনুমানিক বাজার দর তিন কোটি টাকা বলে জানা গেছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কমাণ্ডার আশরাফ জানান, কক্সবাজারভিত্তিক একটি চোরাকারবারী চক্র মিয়ানমার থেকে অবৈধভাবে আনা এসব লবণ বাংলাদেশের জলসীমা দিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব প্রতিটি ট্রলারে সাড়ে চার হাজার মণ লবণ রয়েছে বলে আটককৃতরা জানিয়েছেন। মালামালসহ আটককৃতদের লক্ষ্মীপুর জেলার আলেকজাণ্ডার থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, দেশীয় মালিকদের এ ধরনের বেশ কিছু বিশাল কার্গো ট্রলার বঙ্গোপসাগরে চোরাচালানের কাজে ব্যবহৃত হচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে। এ ধরনের একেকটি ট্রলারের মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আটককৃতরা জানিয়েছে, কক্সবাজারকেন্দ্রিক একটি চোরাচালানী সিণ্ডিকেট ৬টি কার্গো জাহাজে করে এই লবণ মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে এসেছিল। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাইকসপাড়া এলাকার আবু বক্কর নামে এক চোরাকারবারী এই লবন চোরাচালানের সাথে জড়িত।
