লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৫ জনে উন্নীত, আহত ৩০, ১ম লিড
লক্ষ্মীপুর সদর উপজেলার রামগতি এলাকার নুড়িগাছতলায় সোমবার রাত প্রায় ১২টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৫ জনে উন্নীত হয়েছে।
দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন। রামগতি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগতি এলাকার নুড়িগাছতলার কাছে রাত প্রায় ১২টার দিকে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগতি অভিমুখী রিপন এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো-জ-১১-০৮-৪৪) এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দমকল বাহিনীর কর্মী এবং স্থানীয়রা ঘটনাস্থল থেকে ১৫টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ পর্যন্ত নিহত ১২জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, সদর উপজেলার হারুনুর রশিদ (৩৫), মনা (৩০), বেলাল হোসেন বাবুল (৪০), ক্বারী মুজিবুল হক প্রকাশ কালা মুন্সী (৬০) ও আবদুল মান্নান (৩৫); রামগতি উপজেলার ছয়জন হলেন মোসলেউদ্দিন (৩৫), বাসটির হেলপার রহমান (৩২), সালাউদ্দিন (২৮), জহির (২২), বিদেশ ফেরত হারুন (৩০), লোকমান বেপারী (৪৫) ও চট্টগ্রামের পটিয়ার দীপক চন্দ্র দাস (২৮)।
অপর তিনজনের পরিচয় পাওয়া যায়নি। ১০/১২ বছরের একটি শিশু নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জাল ফেলে নিহতদের লাশ উদ্ধার করে। úানি থেকে একটি শিশুর শার্ট উদ্ধার করা হয়েছে। পানির গভীরতা বেশী হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
আহত বাসযাত্রীরা জানান, বাসটি খুব দ্রুত চালাচ্ছিল চালক। কমপক্ষে ৭৫ থেকে ৮০ জনে ঠাসা ছিল বাসটি। ক্রেন দিয়ে বাসটি পানি থেকে টেনে তোলার পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাসটির চালক বাবুল পালিয়ে গেছে। দুর্ঘটনার পরপরই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ তদারকি করেন।
