২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৫ লক্ষাধিক টাকার চোরাই কাঠবোঝাই ট্রাক আটক

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া এলাকায় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা--কর্মচারীবৃন্দ মঙ্গলবার ভোরে চোরাই কাঠবোঝাই একটি ট্রাক আটক করেছে। আটককৃত ৩শ’ ঘনফুট চোরাই সেগুন কাঠের মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

কুমিল্লা বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর নির্দেশে বন বিভাগের কর্মকর্তারা রাত ২টার দিকে সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাককে (নং--চট্ট মেট্রো--ট--১১--০৪৫৭) থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু ট্রাকটি বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা  করে।

এক পর্যায়ে তারা পিছু ধাওয়া করে চাষাপাড়া এলাকায় ট্রাকটিকে আটক করে এবং তল্লাশী চালিয়ে ত্রিপল ও বালির বস্তা দিয়ে ঢাকা অবস্থায় চোরাই সেগুন কাঠ উদ্ধার করে। এসময় ট্রাক চালক এবং হেলপার ঘটনাস্থল যেতে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।