দেশজুড়ে সমাবেশ আয়োজনের কর্মসূচি নিয়েছে ছাত্রদল
চারদলীয় জোট ক্ষমতা ছাড়ার আগেই এর প্রধান শরিক দল বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল দেশজুড়ে ছাত্র সমাবেশের আয়োজন করবে। এর অংশ হিসেবে ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে বিভাগীয় ছাত্র সমাবেশ।
বিভাগীয় পর্যায়ে ১০ আগস্ট, ১৭ আগস্ট, ২২ আগস্ট, ২৬ আগস্ট এবং ৩১ আগস্টে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়াও ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আওয়ামী লীগের ঘৃণ্য অপরাজনীতি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দলীয় গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ মহাসমাবেশ আয়োজন করবে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ জুলাই টাঙ্গাইল জেলা ছাত্র সমাবেশ, ১ আগস্ট হবিগঞ্জ জেলা ছাত্রসমাবেশ, ৫ আগস্ট নরসিংদী জেলা ছাত্র সমাবেশ।
বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করার জন্যে ৩ আগস্ট টিএসসি মিলনায়তনে সকাল দশটায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।
