টাটার বিনিয়োগ প্রস্তাব অর্থনৈতিকভাবে দেখা উচিত: এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, টাটা গ্র“পের ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করা উচিত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সোমবার এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া ডু বলেন, টাটা প্রস্তাবটি রাজনৈতিক দিক থেকে বিবেচনা করার সুযোগ নেই এটি অর্থনৈতিক দিক থেকে দেখতে হবে।
তিনি বলেন, বিনিয়োগের এ প্রস্তাব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ মাসের শুরুর দিকে সরকার ভারতীয় বৃহত্তম কোম্পানি টাটা গ্র“পের ৩ বিলিয়ন ডলারের প্রস্তাব সম্পর্কে নির্বাচনের মাত্র ছয় মাস আগে ইতিবাচক সিদ্ধান্ত নিতে অপারগতা জানালে টাটা তাদের প্রস্তাব স্থগিত করে।
টাটা ইস্পাত ও সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের এবং কয়লা উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দেয়। এ বছরের জুনের আগেই তাদের প্রস্তাব অনুমোদনের জন্য টাটা সরকারের কাছে অনুরোধ রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডিবি’র আবাসিক প্রতিনিধি দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা, আসন্ন নির্বাচন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং দুর্বল অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।
ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় এর সভাপতি শফিউল করিম সাবু সমন্বয়কের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী।
হুয়া ডু আরও বলেন, আগামী নির্বাচন এবং রাজনৈতিক বিবেচনায় টাটার বিনিয়োগের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে না।
তিনি বলেন, আমরা মনে করি টাটার এ প্রস্তাব দেশের অর্থনীতি ও জনগণের জন্য ভালো ছিল।
দুর্নীতি দমন কমিশনকে (এসিসি) এ পর্যন্ত কার্যকর করতে না পারায় তিনি সরকারের সমালোচনা করে বলেন, এসিসিকে আমরা সরকারের কোনও শাখা হিসেবে নয়, একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনার ওপর আলোকপাত করে হুয়া ডু বলেন, সুশাসন নিশ্চিত করা এবং অবকাঠামো সুবিধার উন্নয়ন ঘটালে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মাঝারি আয়ের দেশে রূপান্তরিত হবে।
বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিনিয়োগ ও রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে এবং চট্টগ্রাম বন্দর একটি আন্তর্জাতিক বন্দর হিসেবে ব্যবহৃত হতে পারে।
আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে এক প্রশ্নের জবাবে হুয়া ডু মন্তব্য করেন।
