সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২৫
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধোপাপাড়া গ্রামে নির্মাণাধীন রাস্তায় চাঁদা দাবিকে কেন্দ্র করে সোমবার দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শিশু ও মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, সরাইচন্ডী খেয়াঘাট থেকে ধোপাপাড়া মাদ্রাসা পর্যন্ত নির্মাণাধীন রাস্তার কাজ নিয়ে ঐ এলাকার ঠিকাদার কিরণের সাথে হেলাল গং এর বিরোধ চলছিল।
কাজ শেষে ঠিকাদার কিরণ টাকা তোলার পর হেলালের দলবল স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাস্তার তরফদার জয়নাল আবেদিনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এক পর্যায়ে হেলালের দল ৫০/৬০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ইউপি সদস্য, জয়নাল ও তার ছেলে সামিদুলের ওপর হামলা চালায়। এ সময় তারা পাঁচটি বাড়ি ভাংচুর ও একটি দোকান লুট করে। এ ঘটনায় শিশু ও মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।
আহতদের মধ্যে জয়নাল আবেদিন (৫৫), সামিদুল (২৬), লিটন (১০), আজাহার (৬০), আলমগীর (১৮), আলাউদ্দিন (১৭), শুকুর আলী (৫৬), মমিন (৩৫), চাঁন মোহাম্মদ (২৫) শহিদুল (২৪) মর্জিনা বেগমকে (৪৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
