শায়খ রহমান ও বাংলাভাইকে আইন অনুযায়ী সাব জেলে রাখা হয়েছে: মওদুদ
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই মৃত্যুদন্ডপ্রাপ্ত জঘণ্য ও নিন্দনীয় অপরাধী। এ ধরনের অপরাধীকে রাখার জন্যে দেশে প্রচলিত আইন রয়েছে এবং সে অনুযায়ীই তাদের সাব-জেলে রাখা হয়েছে।
তিনি বলেন, আইন অনুযায়ী সরকার ইচ্ছা করলেই যেকোনো বাড়িকে সাবজেল ঘোষণা করতে পারে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ‘সাজাপ্রাপ্ত নারীদের নিরাপত্তা ও সংশোধণের বিশেষ বিধান--এর খসড়া নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
পরে দুই শীর্ষ জঙ্গি নেতাকে আটক রাখতে মিরপুরের পাইকপাড়ার একটি বাড়িকে সাবজেল ঘোষণা নিয়ে কারা মহাপরিদর্শক (আইজি-- প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনও পৃথকভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন।
আইন মন্ত্রী বলেন, জঙ্গিরা সাধারণ অপরাধী নয়, তাদের অপরাধ মারাত্মক। মৃত্যুদন্ডপ্রাপ্ত ওই দুই আসামিকে রাখার মত কনডেম সেল আমাদের দেশে নেই। তাদের সর্বোচ্চ নিরাপত্তা সম্বলিত কারাগারে রাখা প্রয়োজন।
তিনি বলেন, আমাদের দেশে ওই ধরনের কারাগার নেই বলেই তাদেরকে বিশেষ নিরাপত্তায় রাখতে মিরপুরের ওই বাড়ীটিকে সাব জেল ঘোষণা করা হয়েছে।
আইন মন্ত্রী জানান, সরকার দেশে একটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত কারাগার নির্মাণের প্রস্তাব রেখে যাবে।
তিনি বলেন, একজন সাধারন ফাঁসির আসামীকে যেভাবে কনডেম সেলে রাখা হয়, একই ভাবে তাদের মিরপুর কনডেম সেলে রাখা হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজনীতি ইস্যু সৃষ্টি করা ঠিক হবেনা।
ঢাকার কেন্দ্রীয় কারাগারে কি উপযুক্ত নিরাপত্তা নেই, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গি নেতাদের কেন্দ্রীয় কারাগারে না রেখে কেন সাব জেলে রাখা হয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করলে ভাল হতো।
আইজি প্রিজন জাকির হোসেন সাংবাদিকদের বলেন, জেলখানায় ধারন ক্ষমতার চেয়ে ৩/৪ গুন আসামী বেশি রয়েছে। এ কারণে মৃত্যুদন্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গি নেতা শায়খ রহমান ও তার সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইকে সাব জেল খানায় রাখা হয়েছে। এ ব্যপারে পত্র-পত্রিকায় যেসব রির্পোট প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন। জামাই আদর কিংবা এসি রুমে তাদের রাখা হয়নি।
তিনি বলেন, কনডেম সেল বলতে জেল-কোডে কোন বিধান নেই। শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে বিশেষ কিছু বিষয়ের জন্য সাবজেলে রাখা হয়েছে। কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তার চেয়ে মিরপুর ওই সাবজেলটি নিরাপদ। সাব জেলে র্যাব এবং পুলিশ পাহাড়া দিচ্ছে।
