গাইবান্ধার মুক্তিনগর ইউনিয়নকে শতভাগ জন্ম -- মৃত্যু নিবন্ধনকরণ ইউনিয়ন ঘোষণা
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে শতভাগ জন্ম -- মৃত্যু নিবন্ধনকরণ ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
মুক্তিনগর শহীদ মিনার চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রোববার জেলা প্রশাসক মুজিবুর রহমান সরকারিভাবে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ মোস্তফা দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহ ফারুকী, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. ফেরদৌস হোসেন, জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আলী এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু।
স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীসহ বিপুল সংখ্যক গ্রামবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি সরকার জন্ম -- মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক ঘোষণা করে আইন পাশের পর মাত্র দুই মাসের মধ্যে মুক্তিনগর ইউনিয়নের ১০টি গ্রামের ২৪ হাজার ৭শ’ ৩৭ জন অধিবাসী এবং প্রয়াতদের জন্ম-মুত্যু নিবন্ধন করা হয়েছে।
