কুড়িগ্রামে প্রচন্ড খরার কারণে আমন চাষ ব্যাহত হচ্ছে
শ্রাবণের প্রথম সপ্তাহে কৃষিক্ষেত্র থাকে কর্মচঞ্চল। তবে এবারের চিত্র ভিন্ন। কুড়িগ্রামে প্রচন্ড খরার কারণে আমন চাষ ব্যাহত হচ্ছে।
কৃষক ও জেলা কৃষি বিভাগ জানায়, দীর্ঘ দিন থেকে ভারি বর্ষণ না হওয়ায় খাল, বিল শুকিয়ে গেছে। ফলে পানির অভাবে কৃষকরা আমনের জমি তৈরি ও চারা রোপণ করতে পারছেনা। পাট জাগ দিতে না পেরে কৃষকরা হতাশ হয়ে পড়ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী, হলোখানা এবং বেলগাছা ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষক জানায়, বর্ষা মৌসুমে ভারি বর্ষণ না হওয়ার কারণে জমিতে পানি জমতে পারেনি। চারা রোপণের ১৫/২০ দিন আগে জমিতে ঘাস পচাতে জাবর দিতে হয়। কিন্তু এখনও ৬০-৭০ ভাগ জমিতে প্রথম চাষ দেয়ায় সম্ভব হয়নি। এদিকে চারার বয়স বেড়ে যাচ্ছে। কিন্তু চারা রোপণ করা সম্ভব হচ্ছে না।
কিছু কিছু কৃষক সেচের সাহায্যে জমি চাষ ও আমন রোপণ শুরু করেছেন। পুকুর, ডোবা, নালায় পানি না থাকায় কৃষকরা পাট কেটে রাস্তার পাশে রেখে দিয়েছে জাগ দিতে পারছেনা। রোদের কারণে ফেলে রাখা পাট নষ্ট হতে শুরু করেছে।
কাঁঠালবাড়ী ইউনিয়নের ভুবনেশ্বর গ্রামের কিছু কৃষকরা জানায়, আমনের জমি তৈরি করতে সেচের জন্য প্রতি শতক ছয় টাকা হারে শ্যালো মেশিনের ভাড়া দিতে হচ্ছে। দুই কিলোমিটার দুরে পাট ধোয়া বিলে পাট নিয়ে গিয়ে জাগ দিচ্ছেন।
শিবরাম গ্রামের কৃষক সৈয়দ আলী জানান, বৃষ্টি না থাকায় পুকুরে সেচ দিয়ে পাট জাগ দিতে বাধ্য হচ্ছেন।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মহসিন আলী জানান, যদিও আমন রোপণের এখনও সময় রয়েছে তবুও ঝুঁকি এড়াতে সেচের সাহায্যে আমন রোপণের পরামর্শ দেয়া হচ্ছে।
