২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক ধর্মঘট ১৫তম দিনে গড়িয়েছে

সরকার এখন পর্যন্ত আলোচনার জন্য তারিখ ঘোষণা না করায় বেসরকারি শিক্ষকদের বিভিন্ন অংশের ডাকা চলমান ধর্মঘট শনিবার ১৫ তম দিনে পা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বর্তমানে অসুস্থ শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক সুস্থ হওয়ার পর আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার ওই বিষয়ে আলোচনার জন্য শুধুমাত্র সরকার সমর্থিত শিক্ষক--কর্মচারী ঐক্য জোটকে (এসকেওজে) আমন্ত্রণ জানানো হলে পুনরায় পরিস্থিতির অবনতি ঘটে।

এসকেওজে মহাসচিব জাকির হোসাইন বলেন, অচলাবস্থা নিরসনের এটাই একমাত্র পথ বলে তারা ওই বৈঠকে অংশগ্রহণ করেছেন। তিনি জানান, আন্দোলনরত অপর অংশগুলোকে ডাকা হলেও তারা আলোচনায় বসার জন্য ১০০ ভাগ মূল ভাতা প্রদানের ঘোষণা দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন।  ফলে তারা এতে অংশ নেননি।

এসকেওজে নেতা বলেন, সরকারকে কোন রকম ছাড় দেওয়া হবে না এবং চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো।

এসকেওজে’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্যদের রোববার অনুষ্ঠেয় বিক্ষোভে অংশগ্রহণ এবং ২৩ জুলাইয়ের পরিবর্তে ৬ আগস্ট অনুষ্ঠেয় মহাসমাবেশে উপস্থিত থাকতে বলা হয়।

অপরদিকে ১০০ ভাগ মূল ভাতার ঘোষণা না দেওয়া পর্যন্ত শিক্ষকদের অপর অংশগুলো সরকারের সাথে কোন প্রকার আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বলেছে, আগামী সোমবারের মহাসমাবেশের মাধ্যমে তারা আন্দোলনকে আরো জোরদার করে তুলবেন।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে, পল্টন ময়দান ব্যাবহারের অনুমতি বাতিল করায় তারা ২৩ জুলাই মহাসমাবেশ আয়োজন করতে পারছেন না।